২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, বাড়ছেই হামের সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক :
দেশে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং একজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৬ শিশু।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় চারজন, রাজশাহীতে একজন, সিলেটে একজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে দুজন শিশুর মৃত্যু হয়েছে হাম ও এর উপসর্গে।
এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৮ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ শিশুর মধ্যে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ শিশু।
অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৭৭২ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।




