রাবাতে শান্তিরক্ষা সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক :
মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের শান্তিরক্ষা নীতির বিস্তারিত অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি গভীর অঙ্গীকার। তিনি শান্তিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে সংস্কারের আহ্বান জানিয়ে স্পষ্ট ম্যান্ডেট, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আধুনিক শান্তি তৎপরতার নতুন চ্যালেঞ্জ হিসেবে অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রযুক্তির অপব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন। প্রতিমন্ত্রী ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মাধ্যমে মিশনপূর্ব প্রশিক্ষণ আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেন। তিনি পরিবেশবান্ধব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশ্ব শান্তির সেবায় জীবন উৎসর্গকারী ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইদিন তিনি ‘গ্লোবাল গ্রোথ কনফারেন্স ২০২৬’-এ অংশ নিয়ে ‘জিওপলিটিক্স অব ফ্র্যাগমেন্টেশন: পাওয়ার, এস্কেলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক রিঅর্ডারিং’ অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন, যেখানে তিনি পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতি, ক্ষমতার পালাবদল এবং আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাব নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।




