দেশে বাড়ছে হাম পরিস্থিতি—২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৬৬
ডেস্ক ররিপোর্ট :
দেশে হাম পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে, আর ৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৪৯১ জনের মধ্যে এই উপসর্গ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৯৫ জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে।
হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৬৫ জন। এ পর্যন্ত মোট ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৯০ জন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে। অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।




