সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক:
সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনার জন্য এক মাসের মধ্যে স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বাস্থ্যবিষয়ক গবেষক এ কে এম মাকসুদসহ চারজনের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ, তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার। আইনজীবী নিশাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।




