কোরবানির বর্জ্য ও নগর পরিচ্ছন্নতায় ব্যর্থতা: আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পূর্বের জমে থাকা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মাধ্যমে দেওয়া এ নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে ময়লা-আবর্জনার অসন্তোষজনক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।




