স্কুল মাঠে কোরবানির পশুর হাট, সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করে হাট পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরকারি নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে কোরবানির পশুর হাট বসানো যাবে না। একইভাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাতেও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবুও জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিদিন শত শত গরু কেনাবেচা চলছে। এতে বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাটের কারণে আশপাশে যানজট ও জনদুর্ভোগও বেড়ে গেছে।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট পরিচালিত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এ টি এম কামরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
হাট-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করেননি।




