৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা হারুন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী এরশাদ আলীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। পরে পাওনা টাকা আদায়ে এরশাদ আলী আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতেই ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন এবং একই সঙ্গে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় মেলান্দহ থানা পুলিশকে।
এর পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে মেলান্দহ থানায় নেওয়া হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।




