সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ শ্রমিকের, শোকের ছায়া সরাইলে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন গলানিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৩০), রোকন আলীর ছেলে হৃদয় মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে মেহেদী (২২) এবং ধর্মতীর্থ এলাকার শুক্কুর আলীর ছেলে আরমান (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে প্রথমে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পার হলেও তাঁরা ওপরে না উঠলে তাঁদের উদ্ধারে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন ইমাম ও আরমান। কিন্তু ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে একে একে চারজনই অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে বাংলাদেশ পুলিশ এর সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।




