রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। আইনের প্রয়োগ সবার জন্য সমান।”
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে কোনো আপস করবে না। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনকে আরও দক্ষ ও বহুমুখী হতে হবে। “ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এখন বৈশ্বিক বাস্তবতা। তাই প্রতিটি পুলিশ কর্মকর্তাকে আধুনিক ও পেশাদার মানসিকতা নিয়ে কাজ করতে হবে,”—বলেন প্রধানমন্ত্রী।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা উচিত নয়। সততা, দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ক্ষমতা বা পদ চিরস্থায়ী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও মানবিক ও নিরপেক্ষ হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনী সত্যিকারের জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
চব্বিশের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সংকট মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অনেক ক্ষেত্রে সফলতা দেখিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইজিপি মো: আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।”




