“মব জনগণের প্রতিক্রিয়া, তবে আইন অনুযায়ী বিচার হবে”—আইনমন্ত্রী আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক :
‘মব’ বা জনতার উত্তেজিত প্রতিক্রিয়াকে জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের ঘটনায় যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে তা প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে।
সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মব কোনো সুসংগঠিত বা ব্যাপক ঘটনা নয়, বরং এটি জনগণের প্রতিক্রিয়া। তবে যদি এটি সাধারণ অপরাধের আওতায় পড়ে, তাহলে তা প্রচলিত আইন অনুযায়ী বিবেচিত হবে।’ তিনি আরও বলেন, এসব বিষয় বিশ্লেষণ করতে গেলে ইতিহাসের বিভিন্ন স্বাধীনতাসংগ্রাম, গণ-অভ্যুত্থান বা বিপ্লবের প্রেক্ষাপটও সামনে আসে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের খসড়া নিয়ে আগামী ১৭ মে কনসালটেশন সভা অনুষ্ঠিত হবে। বাজেট অধিবেশনে না উঠলে পরবর্তী অধিবেশনে এসব আইন উত্থাপন করা হবে।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি চান, কালকেই এটি পাস করে দেওয়া হোক?’
এছাড়া সরকার সম্পর্কিত বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং অন্য কেউ কী বলেছে, তা তার বিবেচ্য নয়।




