পল্লবীর শিশুহত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, দ্রুত বিচার শুরুর আশ্বাস
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী রোববারের মধ্যেই পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে সরকার আইন সংশোধনের উদ্যোগও নেবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, গভীর সমবেদনা জানান এবং দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়া ও সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর মেয়রসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




