নদীপথে নৌ পুলিশের অভিযান : এক সপ্তাহে উদ্ধার ১৭ মরদেহ, গ্রেপ্তার ৩০২
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে পরিচালিত বিশেষ অভিযানে ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌ পুলিশ জানায়, গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি ড্রেজারও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনব্যাপী অভিযানে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল, ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।




