নাহিদ রানার প্রশংসায় ওয়াসিম আকরাম: ‘এটাই আসল গতি’
ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা এবার পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করে ক্রিকেটবিশ্বের নজর কাড়ছেন। তাঁর গতি, নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসী বোলিংয়ে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রানার আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা দিশেহারা হয়ে পড়ে। তাঁর দল পেশোয়ার জালমি প্রতিপক্ষকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয়। এই ম্যাচে রানা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন এবং ১টি মেডেন ওভার করেন।
ধারাভাষ্যকক্ষে ওয়াসিম আকরাম বলেন, “এটাই প্রকৃত গতি। সে ব্যাটারদের সমস্যায় ফেলেছে। ঘণ্টায় ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে তার দৌড়ানোর ভঙ্গি অসাধারণ। তার বোলিং অ্যাকশন সহজ ও স্বাভাবিক, জটিল নয়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”
রানার শিকারের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি রানার বাউন্সারে বিভ্রান্ত হয়ে মিড-অন অঞ্চলে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে আউট হন। এছাড়া হুনাইন শাহকে ১৪৮ কিলোমিটার গতির ইয়র্কারে বোল্ড করেন এই তরুণ পেসার।
ম্যাচ জয়ের পর পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি আবেগে রানাকে জড়িয়ে ধরেন। ট্রফি হাতে দলের অধিনায়ক বাবর আজমসহ সতীর্থদের সঙ্গে উদযাপন করেন তিনি। পরে নিজের ফেসবুক পেজে রানা লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
উল্লেখ্য, গত আসরে দলে থাকলেও খেলার সুযোগ পাননি রানা। এবার সুযোগ পেয়ে সেটিকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। মাঝপথে জাতীয় দলের কারণে দেশে ফিরে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতিতে পিএসএলে যোগ দেন তিনি।
এবারের আসরে ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন রানা। এক ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অসাধারণ কিপটে বোলিংয়ের নজিরও গড়েছেন এই বাংলাদেশি পেসার।




