মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা নাকচ করে ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মশক নিধনের কৌশল শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর দুই থেকে তিন ঘণ্টা কোনো ডোবা, জলাবদ্ধ স্থান বা মশার উপদ্রবপূর্ণ এলাকায় অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে সরকারি অর্থের সাশ্রয় এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে স্থানীয় বাস্তবতা ও নাগরিক ভোগান্তিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ মোকাবিলায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়।




