মদরিচকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল ক্রোয়েশিয়া
ক্রীড়া ডেস্ক :
লুকা মদরিচকে নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার, যা স্বস্তি এনে দিয়েছে ক্রোয়াট সমর্থকদের মাঝে।
সোমবার কোচ জ্লাতকো দালিচ ঘোষিত দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি ও ইভোর পান্দুর। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন ইস্কো গাভার্দিওল। মাঝমাঠে মদরিচের সঙ্গে থাকছেন মাতেও কোভাচিচ, আর আক্রমণে আছেন ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচের মতো তারকারা।
২০১৮ বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েশিয়া এবার পড়েছে ‘এল’ গ্রুপে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। পরে পানামা ও ঘানার মুখোমুখি হবে ক্রোয়াটরা।
এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।




