মব আতঙ্কে স্কুল ছাড়ে হুমায়ুন আহমেদের ছেলে -
ডেস্ক ররিপোর্ট :
অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তার ছেলে নিনিতের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
শাওন লিখেছেন, আগামী ৮ মে থেকে তার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূনের ও লেভেল পরীক্ষা শুরু হচ্ছে। বর্তমানে নিনিতের বয়স ১৫ বছর। তিনি বনানীর CGSD School-এ পড়াশোনা করতেন।
ফেসবুক পোস্টে শাওন দাবি করেন, ৫ আগস্ট ২০২৪–এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মত প্রকাশের জেরে তার গাড়িতে তিনবার হামলা চালানো হয়। প্রতিবারই নিনিত স্কুল থেকে ফেরার পথে গাড়িতে ছিল বলে জানান তিনি। তৃতীয় দফার হামলায় তার ড্রাইভারকে মারধর করা হয় এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, থানায় সাধারণ ডায়েরি করতে গেলে প্রকৃত ঘটনা উল্লেখ না করে “অসাবধানতাবশত গাড়ির কাগজপত্র হারিয়ে গেছে” বলে জিডি নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্টরা নাকি জানান, “মববাজদের বিরুদ্ধে রিপোর্ট না নেওয়ার নির্দেশ রয়েছে।”
নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তাকে স্কুল ছাড়াতে বাধ্য হয়েছেন উল্লেখ করে শাওন বলেন, গত এক বছর প্রাইভেট কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করেছে নিনিত। এখন সে ও লেভেল পরীক্ষায় অংশ নিচ্ছে।
পোস্টে তিনি দেশবাসীর কাছে নিনিতের জন্য দোয়া চেয়ে লিখেছেন, “সে যেন ভালো মানুষ হতে পারে।”
এছাড়া শাওন আরও জানান, ৫ আগস্টের পর ঢাকার বাসাতেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সন্তানদের নিরাপত্তার জন্য তিনি কয়েক মাস বিভিন্ন স্থানে অবস্থান করেছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি জামালপুরে তাদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও করেন তিনি।




