মাদক কারবারের বিরোধে হবিগঞ্জে চার গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলায় মাদক কারবারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদক কারবার-সংক্রান্ত বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়।
পরে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী গ্রামের এবং চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামের লোকজন অংশ নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এতে চার গ্রামজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ছাড়া অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে গভীর রাতে সংঘর্ষ থেমে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি টিয়ার শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।




