কুল-বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার রাজত্ব, জিতলেন তিনটি বড় পুরস্কার
ক্রীড়া ডেস্ক :
দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি একাই জিতে নিয়েছেন তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার।
হামজা চৌধুরী জিতেছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ সম্মান ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার। এছাড়া ক্রীড়ামোদীদের ভোটে পেয়েছেন ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ এবং ফুটবলে অসাধারণ অবদানের জন্য হয়েছেন বর্ষসেরা ফুটবলার। এক আসরে তিনটি পুরস্কার জিতে কার্যত পুরো অনুষ্ঠানেই আধিপত্য দেখান তিনি।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, তিনি এই সম্মান পেয়ে গর্বিত এবং পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। জাতীয় দলকে সারা বছর সমর্থন দেওয়ার জন্যও তিনি ভক্তদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হামজার হয়ে পুরস্কার গ্রহণ করেন তাবিথ আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দেশের ক্রীড়াঙ্গনের গর্বের একটি আয়োজন এবং এটি দীর্ঘদিন ধরে দেশের খেলাধুলাকে সম্মানিত করে আসছে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর সিইও মালিক মোহাম্মদ সাইদ। টানা ১১ বারের মতো জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’ এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর উল্লেখযোগ্য বিজয়ীরা
বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন
বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম
বর্ষসেরা কোচ: পিটার বাটলার
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন




