জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। দিবসটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় সারা দেশে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং অসচ্ছল মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। পরবর্তীকালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিবছর তাঁর শাহাদাতবার্ষিকীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
এদিকে আগামীকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




