ঝড়-বৃষ্টির শঙ্কা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেল থেকে রাতের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
যেসব অঞ্চলে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে চলমান ভ্যাপসা গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া নদীপথে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।




