জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির ঢল, শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত
নিজস্ব প্রতিবেদক :
ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন সব শ্রেণি-পেশার লাখো মুসল্লি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির সুখ, শান্তি এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্য কামনা করা হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় জাতীয় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।




