জামায়াত নেতার বাসা থেকে টিসিবির চাল ও ফ্যামিলি কার্ড উদ্ধার, উত্তেজনা বাউফলে
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির চাল ও স্মার্ট ফ্যামিলি কার্ডসহ স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁর বাসায় গোপনে টিসিবির চাল মজুত করা হচ্ছিল।
স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় কয়েকটি বস্তাভর্তি চাল বাড়িতে তোলার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে প্রায় ২৪০ কেজি টিসিবির চাল এবং ২৪ জন সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে উদ্ধার হওয়া চাল ও কার্ড স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়।
এলাকাবাসীর প্রশ্ন, টিসিবির পণ্য যেখানে সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়, সেখানে গভীর রাতে এত চাল কেন একত্র করা হয়েছিল এবং কেন তা জামায়াত নেতার বাড়িতে রাখা হয়েছিল।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাকিল শিকদার। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। তাঁর ভাষ্য, ছোট ভাই রাজিব দীর্ঘদিন ধরে টিসিবির সুবিধাভোগীদের পণ্য কিনে দিতে সহযোগিতা করেন এবং এজন্য প্রতিজনের কাছ থেকে ৩০ টাকা করে পারিশ্রমিক নেন।
সাকিল শিকদার বলেন, “২৪ জনের পণ্য সংগ্রহ করে সাময়িকভাবে বাড়িতে রাখা হয়েছিল। দিনের বেলায় সুবিধাভোগীরা এসে তাদের চাল নিয়ে যেতেন। বিএনপির কিছু কর্মী পরিকল্পিতভাবে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস বয়াতীর অনুসারীদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বিরোধের জেরে তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




