ঈদের বেতন-ছুটি দাবিতে গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে উত্তেজনা
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে অগ্রিম বেতন, ঈদের ছুটি বৃদ্ধি এবং কিছু কর্মকর্তাকে অপসারণের দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন শ্রমিক আহত হন।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় অবস্থিত মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, ঈদ সামনে রেখে এক মাসের বেতন অগ্রিম প্রদান এবং ১১ দিনের ছুটির দাবিতে তারা কর্মবিরতি পালন করছিলেন। পরে তারা কারখানার ফটকের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
কারখানার নারী শ্রমিক আমেনা আক্তার বলেন, “আমাদের দাবি ছিল ঈদের আগে বেতন অগ্রিম দেওয়া হোক। কিন্তু মালিকপক্ষ তা মানেনি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, পরে পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।”
আরেক শ্রমিক বিল্লাল হোসেন বলেন, “হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়। ঈদের আগে বেতন-ছুটির দাবিতে আমরা আন্দোলন করছিলাম।”
অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছে। কেএসএস নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, “কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগে ২০ দিনের অগ্রিম বেতন ও ১০ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা না মেনে অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।”
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করেন। “আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সাতটি সাউন্ড গ্রেনেড ও চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,” তিনি জানান।




