হামের ভয়াবহতা থামছেই না, মোট মৃত্যু ৭০২

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

নিজস্ব প্রতিবেদক:

 দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং পরীক্ষায় ১০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা থেকে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৫২২ জন।
একই সময়ে পরীক্ষাগারে ১০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে এখনও অনেক রোগী দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরও দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে হামের বিস্তার রোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।