বৃদ্ধা মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃদ্ধা মাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ছুরি দিয়ে পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আসাদুজ্জামান (৩৭) উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আবু হাসনাতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আঞ্জুমান আরা দীর্ঘদিন ধরেই ছেলে আসাদুজ্জামানের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে প্রায়ই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। প্রতিবেশীদের ভাষ্য, নির্যাতনের ভয়ে বৃদ্ধা দীর্ঘদিন নীরবে সবকিছু সহ্য করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে নিজের মায়ের ডান পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় আঞ্জুমান আরাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বৃদ্ধা মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার রাতেই পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হত্যা-চেষ্টাসহ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসাদুজ্জামানকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সচেতন মহল বলছে, একজন বৃদ্ধা মায়ের ওপর সন্তানের এমন নিষ্ঠুর নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সমাজের জন্য উদ্বেগজনক। তারা প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।




