ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও ডাকসামগ্রী উন্মোচন
ক্রীড়া ডেস্ক :
আসন্ন ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ (২০২৬) উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর বিশেষ স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট এবং ডেটা কার্ড উন্মোচন করেছে।
আজ সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এসব ডাকসামগ্রী উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্মোচিত স্মারকগুলোর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট, ৫০ টাকা মূল্যমানের খামসংবলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড। এসব ডাকসামগ্রীতে বিশেষ স্মারক সিলমোহর ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব এবং ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রীড়া আসরকে স্মরণীয় করে রাখতে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে সচেতনতা ও উৎসাহ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, এবারের ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ১৬টি শহরে এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের পর্দা উঠবে বলে জানানো হয়েছে।




