ফেসবুক পোস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ছাত্রদল নেতা লাবিব তালুকদারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবক অভি তালুকদার (১৮)। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত লাবিব তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এবং বাঁশবাড়িয়া গ্রামের টোকন তালুকদারের ছেলে। ভুক্তভোগী অভি তালুকদার একই গ্রামের মৃত বিপ্লব তালুকদারের ছেলে।
সংবাদ সম্মেলনে অভি তালুকদার অভিযোগ করেন, ছাত্রদল নেতা লাবিব তালুকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছিলেন। তিনি দাবি করেন, ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করা হয়।
অভির ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৮ মে) সকালে বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ সংলগ্ন একটি দোকানে বসে মোবাইলে গেম খেলছিলেন তিনি। এ সময় লাবিব তালুকদার সেখানে এসে তাকে গালিগালাজ করেন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদার। মুঠোফোনে তিনি বলেন, “অভি আমাদের এলাকার ছোট ভাই। কয়েকদিন আগে সে ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। পরে আমি বিষয়টি মীমাংসার জন্য তার কাছে যাই। কিন্তু কোনো মারামারি হয়নি।”
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান বলেন, “ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা জানি এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”
টুঙ্গিপাড়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




