ছাত্রদলের আরও তিন নেতা পেলেন উপপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক:
সরকারের বিভিন্ন দপ্তরে ষষ্ঠ গ্রেডের উপপরিচালক পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিন নেতা। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
জানা গেছে, আবদুল্লাহ আল নোমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবিরকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে এবং রাকিবুল হাসান রাকিবকে এনজিও বিষয়ক ব্যুরোতে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত এই তিন ছাত্রদল নেতা এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা ওই দায়িত্বে ছিলেন।
এদিকে, আরও কয়েকজন ছাত্রদল নেতাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সূত্র জানিয়েছে।




