বিশ্বকাপে কালো জার্সিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে দুটিতে দেখা যাবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। তবে শেষ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি পরে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলটি পরবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও জার্সিতে কোনো পরিবর্তন আনছে না আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ওই ম্যাচেও মাঠে নামবে আকাশি-সাদা জার্সি পরে। তবে গোলরক্ষকের পোশাকে থাকবে পরিবর্তন। এ ম্যাচে মার্তিনেস পরবেন সম্পূর্ণ হালকা সবুজ রঙের কিট।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জার্সি। ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো জার্সি পরে খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের বিকল্প জার্সির ইতিহাসে এতদিন গাঢ় নীল রঙই বেশি ব্যবহৃত হয়েছে। এবার সেই প্রচলন ভেঙে কালো রঙকে বেছে নেওয়া হয়েছে।
নতুন এই জার্সিতে কালোর সঙ্গে নীল ও আকাশি রঙের নকশা ব্যবহার করা হয়েছে। জার্সির নম্বর ও দলের প্রতীক থাকবে সাদা রঙে। ডিজাইনে অনুপ্রেরণা নেওয়া হয়েছে বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী অলংকারধর্মী শিল্পশৈলী থেকে, যার ছাপ জার্সির বিভিন্ন অংশে ফুটে উঠেছে।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মার্তিনেসও সবুজ রঙের গোলকিপার কিট পরবেন, তবে সেটি হবে অস্ট্রিয়ার বিপক্ষে ব্যবহৃত কিটের তুলনায় আরও গাঢ় রঙের। এভাবেই দুই ধরনের জার্সি ব্যবহার করে গ্রুপ পর্বে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের মঞ্চে নতুন এই কালো জার্সির অভিষেককে ঘিরে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। এটি শুধু আর্জেন্টিনার জার্সি ইতিহাসেই নয়, বিশ্বকাপের ইতিহাসেও একটি নতুন অধ্যায় হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে।




