অতিরিক্ত সময় গাড়ি চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর
নিজস্ব প্রতিবেদক :
সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) বিআরটিএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা চালানোর পর তাঁকে কমপক্ষে ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে। এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। অর্থাৎ, একজন চালক দিনে মোট ৮ ঘণ্টার বেশি এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
বিআরটিএ জানিয়েছে, দীর্ঘ সময় বিশ্রাম ছাড়া গাড়ি চালানোর ফলে চালকদের মধ্যে শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো পরিবহন মালিক যদি চালককে অতিরিক্ত সময় গাড়ি চালাতে বাধ্য করেন অথবা কোনো চালক আইন অমান্য করে নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালান, তাহলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
এ ছাড়া উৎসব বা বিশেষ সময়ে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।




