গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়ে গণমাধ্যম সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে সম্পৃক্ত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার সুযোগ এবারই প্রথম তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
জহির উদ্দিন স্বপন বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে পারব।” তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং খাতটির সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন। তাই দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, সমালোচনা অবশ্যই জনস্বার্থসংশ্লিষ্ট ও তথ্যভিত্তিক হতে হবে। এতে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারের পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




