বৃষ্টির আভাস থাকলেও কমছে না গরম, তাপপ্রবাহে পুড়ছে দেশের ৪০ জেলা
নিজস্ব প্রতিবেদক :
জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে এসে ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের ৪০টি জেলা তাপপ্রবাহের কবলে ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। ফলে আগামী আরও দুই থেকে তিন দিন গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় তাপপ্রবাহের বিস্তার আরও বেড়েছে।
গতকাল চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা ছাড়া দেশের প্রায় সব অঞ্চলই ছিল বৃষ্টিহীন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা ও রাঙামাটিতে, যেখানে ৫২ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টিপাত দেশের সামগ্রিক আবহাওয়ার চিত্রে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আজ বেলা ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। আপাতত বড় ধরনের বা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই আগামী দুই থেকে তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে এলেও এখনো দেশের অধিকাংশ অঞ্চলে প্রত্যাশিত বৃষ্টিপাত শুরু হয়নি। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।




