ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ : দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক :
- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা এবং মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব মুসলমানদের জন্য শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা বহন করে।
তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে “ঈদ মোবারক” জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে তিনি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহান উৎসব মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত বহন করে।
তিনি হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের আদর্শ স্মরণ করে বলেন, এই মহান শিক্ষা মুসলিম উম্মাহকে সত্য, ন্যায় ও আত্মত্যাগের পথে চলার প্রেরণা দেয়।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন তিনি সবার ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যও তিনি দোয়া কামনা করেন।




