গাইবান্ধায় শিশু নির্যাতনচেষ্টা মামলায় আটক যুবক মুচলেকায় ছেড়ে দেওয়ার অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক যুবককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামের একটি লিচুবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার এক ব্যক্তি বিঞ্চপুর গ্রামে একটি লিচুবাগান কেনেন। তার ছেলে ওই বাগানের দেখাশোনার দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, দুপুরে শিশুটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং পরে নির্যাতনের চেষ্টা করা হয়।
শিশুটির চিৎকার শুনে তার দাদা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং গ্রাম পুলিশের হেফাজতে রাখেন।
স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক এসে একটি ফাঁকা কাগজে মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেন।
সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সরকার জানান, স্থানীয়রা তাকে খবর দিলে তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেয়। তার দাবি, মুচলেকায় ভুক্তভোগী পরিবারের কেউ স্বাক্ষর করেননি এবং তিনি নিজেও স্বাক্ষর করেননি।
তিনি আরও জানান, বিষয়টি আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা হয়েছিল এবং ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমঙ্গল বলেন, ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে অভিযুক্তকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এমন ঘটনায় মুচলেকার মাধ্যমে ছাড় দেওয়ার বিষয়টি কতটা যুক্তিযুক্ত—এ প্রশ্নে তিনি বলেন, পুলিশ এ ধরনের বিষয়গুলোতে সতর্ক রয়েছে।




