‘সরকারের জন্মের ঠিক নেই’ জামায়াত নেতার মন্তব্য, বিএনপির তীব্র প্রতিক্রিয়া
সিলেট প্রতিনিধি :
জ্বালানি তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) দেওয়া ওই বক্তব্যে তিনি সরকারের বৈধতা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন। পোস্টে হাবিবুর রহমান লিখেন, সমাবেশে তার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দচয়ন ঠিক হয়নি এবং এতে অনেকে কষ্ট পেয়েছেন—এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
তবে দুঃখ প্রকাশের পরও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থামেনি। বিশেষ করে সিলেট বিএনপি তার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, এই ধরনের ভাষা শুধু ন্যক্কারজনকই নয়, এটি রাজনৈতিক নেতাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলে।
তিনি আরও বলেন, যদিও জামায়াত নেতা দুঃখ প্রকাশ করেছেন, তবে তার বক্তব্য থেকে দলের ভেতরের ক্ষোভ ও মনোভাব স্পষ্ট হয়েছে। তিনি জামায়াতের রাজনৈতিক ভাষা ও আচরণ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রয়োজনে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের বয়কট করার কথাও বলেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে মাওলানা হাবিবুর রহমানকে বলতে শোনা যায়, “যার জন্মের ঠিক থাকে না, তাকে আমরা কী বলি… এই সরকারের জন্মের ঠিক নাই, তারা জনগণের ভোটে নয়, ইঞ্জিনিয়ারিং ভোটে পাস করেছে।”
এই মন্তব্যকে ঘিরে এখনো রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে।




