সিলেট ও ময়মনসিংহে হামে শিশুমৃত্যু: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট সংখ্যা বাড়ছে
সিলেট প্রতিনিধি :
সিলেট ও ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। অন্যদিকে ময়মনসিংহে এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ জন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন শিশু হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন শিশু হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন এবং শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি আছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা ছিল। গত ১৩ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৭৭ জন শিশু চিকিৎসাধীন আছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৩ জনে, যার মধ্যে ১ হাজার ৪৭৯ জন সুস্থ হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং নতুন রোগী ভর্তি কমছে। তাদের মতে, টিকা কার্যকারিতা দেখা দিতে শুরু করায় সংক্রমণ কিছুটা কমছে।
তবে চিকিৎসকদের মতে, যেসব শিশু মারা যাচ্ছে তাদের অনেকেরই আগে থেকেই অপুষ্টি বা অন্যান্য জটিল রোগ ছিল, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে।




