শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন দুই প্লাটুন বিজিবি
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদ জামাতকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করবেন। ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করতেই এই সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করার পাশাপাশি কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র কিংবা সন্দেহজনক বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা তল্লাশিতে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শোলাকিয়ার এবারের ঈদ জামাত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।




