শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান
নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন, যা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ সঠিকভাবে সম্পাদন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার স্বার্থে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে তিনি বিনীতভাবে তার অব্যাহতির আবেদন জানান, যা প্রধানমন্ত্রীর দপ্তর ‘গৃহীত হলো’ লিখে স্বাক্ষরসহ অনুমোদন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করলেন।




