স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে দাঁড় করাতে চায়। এ লক্ষ্যে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-য় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি সর্বসম্মত ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সময়ের দাবি।
তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্বে এসেছি। এ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কেউ প্রশ্ন তোলেনি। তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ। বর্তমান ডিজিটাল যুগে রাষ্ট্র চাইলেই সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারে না।”
গণমাধ্যম শিল্পের জন্য একটি কার্যকর কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার এই খাতে কোনো নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় না; বরং সহায়ক বা ‘ফ্যাসিলিটেটর’ হিসেবে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমেই গণমাধ্যম পরিচালিত হয় এবং বাংলাদেশও সেই পথ অনুসরণ করছে।
বর্তমানে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের দর্শকসংখ্যার নির্ভরযোগ্য তথ্য না থাকার বিষয়টিও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, যৌথ স্টাডি, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং নতুন নীতিমালা তৈরির মাধ্যমে বিজ্ঞাপন হার ও রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনা হবে।
ডিজিটাল বিশ্বের ঝুঁকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষের কারণে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ছে। বৈশ্বিকভাবে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ বি এম সাইফুল হোসেন সোহেল, অঞ্জন চৌধুরী পিন্টু, সৈয়দ মোশারফ আলী চঞ্চল এবং নিজাম উদ্দিন
সূত্র : বাসস




