‘সাংবাদিকরা দলীয় কর্মী না?’—মিডিয়া দখল ও ট্যাগবাজি নিয়ে বিস্ফোরক মন্তব্য নাদিম মাহমুদের
নিজস্ব প্রতিবেদক :
দলীয় ট্যাগ ব্যবহার করে সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। তিনি বলেন, কোনো সাংবাদিক যদি ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকা সত্ত্বেও বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন, তবে সেটিকে সম্মান জানানো উচিত।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাদিম মাহমুদ জানান, bdnews24.com-এ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা করার সময় অফিসের এক সিনিয়র তাকে বলেছিলেন—“সাংবাদিকতার সঙ্গে অ্যাক্টিভিজম কখনো মিলিয়ে ফেলবে না।” সেই পরামর্শই পরবর্তীতে তার সাংবাদিকতা চর্চার মূল ভিত্তি হয়ে ওঠে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “যখন সংবাদ লিখবে, সেখানে যেন কেবল সংবাদ উপাদানই থাকে। এরপর থেকে আমি চেষ্টা করেছি, আমার লেখার সঙ্গে যেন অ্যাক্টিভিজম না মিশে যায়।”
বর্তমান সময়ের সাংবাদিকতার পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে নাদিম মাহমুদ বলেন, এখন অনেকেই নিজেকে “অ্যাক্টিভিস্ট সাংবাদিক” হিসেবে প্রতিষ্ঠা করার পর আবার নিরপেক্ষ সাংবাদিক খুঁজছেন। তার ভাষায়, “নিজেই সারাদিন একটি নির্দিষ্ট দলের কর্মীর মতো আচরণ করে, আবার অন্য সহকর্মীকে বলছে অমুক দলের সমর্থন করা যাবে না।”
তিনি আরও অভিযোগ করেন, মিডিয়া হাউজ দখল করে আদর্শিক সাংবাদিকতার বুলি আওড়ানো হচ্ছে। এতে সাংবাদিকতা ধীরে ধীরে লেজুড়বৃত্তিক রাজনীতির খপ্পরে পড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাদিম মাহমুদ বলেন, সাংবাদিকরাও মানুষ। তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, প্রিয় শিল্পী, লেখক, খেলোয়াড় কিংবা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে সমস্যা তখনই তৈরি হয়, যখন সেই রাজনৈতিক অবস্থান সংবাদ পরিবেশনে প্রতিফলিত হয় কিংবা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রাজনৈতিক স্লোগানে অংশ নেন।
তিনি বলেন, “কেউ যদি কোনো দলের সমর্থক হওয়ার পরও বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সাংবাদিকতা করে, তাহলে সেটাকে গ্রহণ করা কিংবা শ্রদ্ধা করা জরুরি। কিন্তু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে প্রশ্ন উঠবেই।”




