প্রধানমন্ত্রীর চাঁদপুর ও ফেনী সফর: মে মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে খাল খনন প্রকল্প উদ্বোধন বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই কর্মসূচি চালু করা হয়েছে এবং তা পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সারা দেশে পাঁচ বছরব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কাজ এগিয়ে নিচ্ছেন। মে মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং বর্ষা শেষে পুনরায় নভেম্বর-ডিসেম্বরের দিকে তা শুরু হবে।
এদিকে, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র : বাসস




