১৩ মাস পর কারামুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
নিজস্ব প্রতিবেদক :
প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কারাগারের জেলার শিরিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেতে কিছুটা সময় লাগায় তাঁর মুক্তি প্রক্রিয়া বিলম্বিত হয়।
কারা সূত্র জানায়, মুক্তির সময় কারাগারের প্রধান ফটকে আইভীর আইনজীবী, স্বজন ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি কারাগার ত্যাগ করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় একাধিকবার জামিন পেলেও নতুন মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হওয়ায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে।
গত বছরের ৯ নভেম্বর পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে পৃথক আবেদন করলে চেম্বার আদালত জামিন স্থগিত করেন। পরে চলতি বছরের ১০ মে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি লিভ টু আপিল খারিজ করে সর্বোচ্চ আদালত তাঁর জামিন বহাল রাখেন। এর ফলে কারামুক্তির পথ সুগম হয়।
রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন আইভী। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তিনি। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।
১৩ মাসের বেশি সময় কারাবন্দি থাকার পর তাঁর মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা এ ঘটনাকে স্বাগত জানালেও রাজনৈতিক মহলে এর প্রভাব নিয়ে চলছে নানা বিশ্লেষণ।




