মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ভোরে জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে অপর একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনি ট্রাকের চালক আবু নাঈম খান।
দুর্ঘটনায় বড় ট্রাকের চালক জুয়েল (৩৫), হেলপার সজীব (২৫) এবং দুই শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহতদের মধ্যে জুয়েল ও সজীব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। অপর দুই শ্রমিক আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার এবং লাভলু মহেশপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে।




