কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ৫, আটক ৩
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন মহিউদ্দিন ও রনি।
রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে।




