জঙ্গল সলিমপুরে অপরাধীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এলাকার প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। তাদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কেউ সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখালে বা চাঁদা দাবি করলে জেলা প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।
পরিদর্শনের সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নিতে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনার পর ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় প্রশাসন এবং একটি অস্থায়ী যৌথ ক্যাম্প স্থাপন করা হয়।
এদিকে, গত ২৪ মে গভীর রাতে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে কয়েকশ সশস্ত্র ব্যক্তি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্পের দেয়াল ভেঙে ফেলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে বাধা দিতে সড়ক কেটে গর্ত তৈরি করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এ ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৩০০ অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।
জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক এসব ঘটনার পর সরকারের কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।




