জাতীয় সংসদ প্রাঙ্গণে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় - তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
তারেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মিজানুর রহমান সিনহা ছিলেন একজন সৎ, গুণী ও বন্ধুবৎসল মানুষ। দেশের শিল্প ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
জানাজার আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানাজায় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং মরহুমের নির্বাচনী এলাকার অসংখ্য মানুষ অংশ নেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা শনিবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।




