ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে এবং জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদের সময় নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো কার্যক্রম মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটিতে শিল্পকারখানা ও অফিস-আদালত বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কমে আসে। তবে সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ঈদের সময় দেশে বিদ্যুতের চাহিদা আনুমানিক ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে থাকলেও হেভি ফুয়েল অয়েল ও ফার্নেস অয়েল ব্যবহার করে অতিরিক্ত চাহিদা পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকায় ঈদের সময় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
তিনি আরও জানান, সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পিডিবির চারটি জোনে কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিত থেকে যেকোনো লাইন ত্রুটি দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে বিদ্যুতের চাপ কম থাকায় আবাসিক এলাকায় স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে। ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগে থেকেই পরিদর্শন ও মেরামত সম্পন্ন করা হয়েছে।
ঈদের আগে ও পরে কয়েকদিন সারাদেশে বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত সমাধানের জন্য প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকা ও অন্যান্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি—ডিপিডিসি, ডেসকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)—নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ঈদের ছুটিতে কোনো ধরনের অসুবিধা না হয়।




