হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ও বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে রোগীরা
এক মাস ধরে বিকল টিউবওয়েল-ফিল্টার, জেনারেটর না থাকায় অন্ধকারে হাসপাতাল-
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট, জেনারেটর না থাকা এবং খাবার সরবরাহে অনিয়মের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের পানির ফিল্টার ও একমাত্র টিউবওয়েল বিকল থাকায় ভর্তি রোগীদের বাইরে থেকে বোতলজাত পানি কিনে পান করতে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়, বন্ধ হয়ে যায় ফ্যান ও প্রয়োজনীয় সেবার অনেকাংশ।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা জানান, বিশুদ্ধ পানির অভাবে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাহেলা খাতুনের স্বামী বছির উদ্দিন বলেন, গরিব মানুষের জন্য প্রতিদিন বোতলজাত পানি কিনে খাওয়া বড় কষ্টের বিষয়। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের সময় প্রচণ্ড গরমে ওয়ার্ডে অবস্থান করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন একাধিক রোগী।
রোগীদের অভিযোগ, শুধু পানির সংকট নয়, হাসপাতালের খাবারও নির্ধারিত সময়ের অনেক পরে সরবরাহ করা হয়। সকালে নাশতা ও দুপুরের খাবার দেরিতে পাওয়ায় চিকিৎসা কার্যক্রমেও প্রভাব পড়ছে। তবে খাবার সরবরাহে বিলম্বের জন্য ঠিকাদার ও রান্নার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা একে অপরকে দায়ী করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, অর্থ বরাদ্দের সীমাবদ্ধতার কারণে দ্রুত সমাধান সম্ভব হয়নি। তবে বিশুদ্ধ পানির ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় কিছু রিচার্জেবল লাইট স্থাপন করা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত টিউবওয়েল ও পানির ফিল্টার মেরামতের পাশাপাশি রোগীদের দুর্ভোগ কমাতে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।




