গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগে সরকার, জুনে পরামর্শক কমিটি গঠনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
দেশে সমন্বিত গণমাধ্যম নিয়ন্ত্রণ ও সংস্কারের লক্ষ্যে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী জুনের মধ্যেই এ বিষয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। ওই কমিটি একটি প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা করতেই এই অগ্রগতি তুলে ধরা হয়েছে। তার ভাষায়, গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার কর্মসূচিতেও উল্লেখ রয়েছে, এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নের দিকেই অগ্রসর হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, পরামর্শক কমিটি গঠনের পর জুলাই মাসের মধ্যে কমিশন সংক্রান্ত একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করে সরকারের কাছে জমা দেওয়ার আশা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, প্রধান তথ্য কর্মকর্তা এবং তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




