এক কার্ডেই মিলবে নানা সুবিধা, চালু হচ্ছে প্রবাসী কার্ড
নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী বাংলাদেশিদের জন্য একক ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড চালু হলে আলাদা করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা বিভিন্ন সরকারি ও আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে এবং এর মাধ্যমে ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শুধু রেমিট্যান্সযোদ্ধারাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সহজে রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং গেটওয়ে উন্নত করা এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সুবিধা যুক্ত করার বিষয়েও কাজ চলছে।
প্রবাসীদের জন্য ভূমি-সংক্রান্ত সেবা ও হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। তাঁর মতে, প্রবাসীরা যেন সরকারি বিভিন্ন সেবা দ্রুত ও সহজে পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
অন্যদিকে মালয়েশিয়াগামী কর্মীদের বিদেশ যাত্রায় জটিলতা ও টিকিট সংকটের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। প্রতারণার সঙ্গে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কর্মীরা পুনরায় কর্মসংস্থানের সুযোগ পান।
সরকার অভিবাসন খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।




